খেলা
আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ
শারজাহতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫২ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে টাইগাররা।
জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৯ রান। দুজনই তুলে নেন অর্ধশতক—তানজিদ ৫১ ও ইমন ৫৪ রান করেন।

তবে এরপরই হঠাৎ ধস নামে বাংলাদেশের ইনিংসে। রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় দল। রশিদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪টি উইকেট।
একপর্যায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬। জয় তখনও ৩৪ রান দূরে। সেখান থেকে দলকে টেনে তোলেন নুরুল হাসান ও রিশাদ হোসেন। সপ্তম উইকেটে ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ শেষ করে আসেন তারা।
১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নুরুল। শেষ পর্যন্ত ২০ বলে ২০* রান করেন তিনি। রিশাদ অপরাজিত থাকেন ১৫ রানে।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৫১ রান। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। গুরবাজ ৪০ ও মোহাম্মদ নবি ৩৮ রান করেন। শেষদিকে শরাফুদ্দিন আশরাফ ১১ বলে ১৬ রান যোগ করেন।
বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার, একই ভেন্যুতে।