খেলা
বিসিসিআইয়ের নির্দেশে আইপিএলে কেকেআর থেকে বাদ মোস্তাফিজ
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই কেকেআরকে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছে। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো।”
তিনি আরও জানান, কেকেআর যদি কোনো বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে।
এর আগে মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার, বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। পাশাপাশি দেশের কিছু কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।
এ বিষয়ে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, কেকেআরের এই পদক্ষেপ আইপিএলের রাজনৈতিক সংবেদনশীলতা ও আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির প্রভাবকে প্রতিফলিত করছে।
সূত্র: এনডিটিভি