খেলা

বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখন তুঙ্গে। একদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভেন্যু বদলের দাবি, অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের  কঠোর অবস্থান সব মিলিয়ে বিশ্বকাপের আগেই মাঠের বাইরের লড়াই জমে উঠেছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে বিসিসিআই। 

ভারতের প্রভাবশালী গণমাধ্যম সূত্র জানায়, “কারও খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটি একটি লজিস্টিক দুঃস্বপ্ন।” বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান টিকিট, হোটেল বুকিং এবং সম্প্রচার স্বত্বের মতো জটিল বিষয়গুলো আগেই নির্ধারিত হয়ে থাকে। 

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ দলের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় এই উদ্বেগের সৃষ্টি হয়েছে। আসিফ নজরুলের দাবি, ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো টুর্নামেন্ট হতে পারে না।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের দুটি কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

প্রতিটি ম্যাচে দুটি দলের পাশাপাশি সম্প্রচার দল ও সময়ের বিষয় জড়িত। সেটি মনে করিয়ে বিসিসিআই সূত্রটি আরও বলেছে, ‘প্রতিদিনই তিনটি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে। ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়।’