খেলা

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে যুক্তিসহ উপস্থাপন করা হবে এবং তা বোঝানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী এবং ক্রিকেট খেলতে চায়, তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে ভারতে খেলতে যাওয়া সম্ভব নয়। বিকল্প আয়োজক দেশ শ্রীলংকায় খেলতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্তে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসিকে বিস্তারিত যুক্তি তুলে ধরা হবে। আইসিসি যদি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এসব ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতের ভেন্যু থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি।