খেলা

কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো নিরাপদ ও অনুকূল পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলার বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দুই দফা চিঠি পাঠিয়েছে। সেখানে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। আইসিসির জবাব পাওয়ার পরই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরানোর চিন্তা করা হলেও সেগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা কম। বরং দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের বিকল্প ভাবা হচ্ছে।

তবে এমন কোনো সিদ্ধান্ত বাংলাদেশ মেনে নেবে না বলে কঠোর অবস্থান ব্যক্ত করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে উল্লেখ করেছে, তিনটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, সেখানে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই।’

তিনি আরও বলেন, ‘ভারতে বাংলাদেশবিরোধী বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংগঠন হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় খেলার সুযোগ নিশ্চিত করা উচিত। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমরা কোনোভাবেই নতি স্বীকার করবো না।’

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে- ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের।