খেলা

মোস্তাফিজ থাকলে ভারতের ম্যাচে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

মোস্তাফিজ থাকলে ভারতের ম্যাচে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগের একটি চিঠিতে ভারতের বিভিন্ন পরিস্থিতির কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি সিকিউরিটি টিমের চিঠিতে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপে ভারতে তিনটি ক্ষেত্রে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বেড়ে যাবে। এর মধ্যে একটি হলো বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে রাখা। অন্য দুটি হলো—বাংলাদেশ সমর্থকরা জাতীয় জার্সি পরে থাকলে এবং ভারতের নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।

ড. আসিফ নজরুল বলেন, “আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ দলের খেলার জন্য কোনো নিরাপদ পরিবেশ নেই। আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিতে, সমর্থকদের জার্সি পরতে না দিতে বা নির্বাচনের কারণে খেলা পিছিয়ে দিতে বলা—এতটাই অযৌক্তিক এবং বাস্তবতায় অসম্ভব।”

তিনি আরও যোগ করেন, “ভারতে বাংলাদেশ বিরোধী বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। গত ১৬ মাস ধরে চলমান এই পরিস্থিতি ক্রিকেট খেলা অসম্ভব করে দিয়েছে। মোস্তাফিজ সংক্রান্ত বিষয় এবং আইসিসির চিঠি স্পষ্ট প্রমাণ যে আমাদের সেখানে খেলার পরিবেশ নেই। যদি আইসিসি সত্যিই একটি গ্লোবাল সংগঠন হয়, তাহলে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এ বিষয়ে আমরা কোনো রকম নতি স্বীকার করব না।”

বিকল্প ভেন্যু নিয়ে মন্তব্যে তিনি বলেন, “কলকাতার ম্যাচ অন্য ভেন্যুতে স্থানান্তরিত করা হলে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ জায়গায় খেলার কোনো সমস্যা নেই। পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতেও খেলা যায়। কিন্তু যেখানে আমাদের খেলোয়াড় এবং দলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেখানে মাথা নত করে খেলার চাপ দেওয়া ঠিক নয়। আইসিসি সিকিউরিটি টিমের চিঠি এ কথাই প্রমাণ করে—ভারতের কোনও স্থানে বাংলাদেশ দলের খেলার পরিবেশ নেই।”