খেলা
জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার বিপক্ষে বহুল আলোচিত এল ক্লাসিকোতে পরাজয়ের পর রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জাবি আলনসো। ক্লাব ও কোচের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ সিএফ জানায়, “ক্লাব ও জাবি আলনসোর মধ্যে পারস্পরিক সমঝোতায় প্রথম দলের প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, জাবি আলনসো সব সময় মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও সম্মান অর্জন করে থাকবেন। কারণ তিনি শুধুই একজন কোচ নন, বরং রিয়াল মাদ্রিদের ইতিহাসের একজন কিংবদন্তি ফুটবলার। মাঠে ও মাঠের বাইরে তিনি ক্লাবের মূল্যবোধ, ঐতিহ্য ও গৌরবকে সম্মানের সঙ্গে তুলে ধরেছেন। ক্লাবের ভাষায়, “রিয়াল মাদ্রিদ সব সময় তার ঘর হয়ে থাকবে।”
ক্লাব কর্তৃপক্ষ আলনসো ও তার কোচিং স্টাফদের পেশাদারিত্ব ও নিষ্ঠারও প্রশংসা করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তাদের কঠোর পরিশ্রম ও আন্তরিক অবদানের জন্য রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞ। একই সঙ্গে আলনসো ও তার পুরো কোচিং দলের ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানানো হয়েছে।
বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরাজয়ের পর থেকেই জাবি আলনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই আলোচনা বাস্তব রূপ নিল। নতুন মৌসুমকে সামনে রেখে এখন রিয়াল মাদ্রিদ নতুন প্রধান কোচ নিয়োগের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে।
ফুটবলবিশ্বের অন্যতম সফল ক্লাব হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদের বেঞ্চে এবার কে বসবেন—সে দিকেই এখন তাকিয়ে সমর্থক ও বিশ্লেষকেরা।