খেলা
রিয়াল-পিএসজি মহারণ আজ রাতে, আলোনসোর সামনে বড় পরীক্ষা
শিরোপাশূন্য মৌসুমে ক্লাব বিশ্বকাপই এখন একমাত্র ভরসা রিয়াল মাদ্রিদের। ইউরোপে ব্যর্থতা, ঘরোয়া লিগেও সান্ত্বনা নেই। তাই চোখ এবার ক্লাব বিশ্বকাপ জয়ের দিকে। সেই স্বপ্ন নিয়ে আজ বুধবার (বাংলাদেশ সময় রাত ১টায়) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেমিফাইনালে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের পিএসজি।
আসরের শুরুটা দুই দলের জন্যই ছিল একটু অস্বস্তিকর। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল রিয়াল। অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পিএসজি। তবে যুক্তরাষ্ট্রের গরম ও রোদের পরিবেশে ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিয়েছে দুই শক্তিশালী দলই।

ম্যাচটি হতে যাচ্ছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যা স্থানীয় সময় দুপুর ৩টা হলেও বাংলাদেশে রাত ১টায় সম্প্রচার হবে। এরই মধ্যে ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। অনেকে এটিকে ‘ইউরোপিয়ান ক্ল্যাসিকো’ বলতেও শুরু করেছেন। কারণ দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচগুলোতে বরাবরই উত্তেজনার পারদ চড়েছে।
রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসোর জন্য আজকের ম্যাচটি এক কঠিন চ্যালেঞ্জ। ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তাকে আত্মবিশ্বাস দিয়েছে ঠিকই, কিন্তু পিএসজির মতো দলের মুখোমুখি হওয়া এখন পর্যন্ত তাঁর সবচেয়ে বড় পরীক্ষা। রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেননি আলোনসো। তবে সেমিফাইনালের মত উচ্চ চাপের ম্যাচে তাকে নিতে হতে পারে কিছু সাহসী সিদ্ধান্ত।
পিএসজির কোচ লুইস এনরিক অবশ্য রিয়ালের পুরনো চেনা প্রতিপক্ষ। বার্সেলোনা ও সেল্টা ভিগোর কোচ হিসেবে রিয়ালের মুখোমুখি হয়ে আট ম্যাচের চারটিতেই জয় পেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতা পিএসজিতেও ধরে রেখেছেন। বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে তার দল।

তবে বড় ম্যাচের আগে দুই শিবিরেই রক্ষণভাগে দুশ্চিন্তা রয়েছে। রিয়াল মিস করবে তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার হুইসেন্টকে। অন্যদিকে পিএসজির দুই ডিফেন্ডার পাচো ও হার্নান্দেজ আগের ম্যাচে লাল কার্ড দেখায় তারা আজ খেলতে পারবেন না। ফলে দুই দলের রক্ষণ কিছুটা দুর্বল থাকতে পারে, যা আক্রমণাত্মক খেলোয়াড়দের জন্য সুযোগ এনে দিতে পারে।
আজকের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, ডেম্বেলে, গার্সিয়া, বেলিংহাম, ভিতিনহার মতো তারকাদের মাঠে দেখা যাবে। এমবাপ্পে আগের ম্যাচে পুরো সময় খেলেননি অসুস্থতার কারণে। আজ তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। বিপরীতে, পিএসজি তাদের চেনা ৪-৩-৩ ফরমেশনে খেলবে, যেখানে ডেম্বেলে, কার্ভাতাসখিলা ও দুয়ে গঠন করবেন আক্রমণভাগ।
সব মিলিয়ে, আজকের ম্যাচে যে শুধুই দুই ইউরোপীয় ক্লাবের লড়াই নয়, বরং কোচিং কৌশল, রক্ষণভাগের শৃঙ্খলা আর আক্রমণের ধার মিলে ফুটবলপ্রেমীদের জন্য এক রুদ্ধশ্বাস রাত অপেক্ষা করছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।