খেলা
ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে ইতিহাস বদলের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সপ্তমবারের মতো চেষ্টার শুরুতেই হোঁচট খেল কিউবা মিচেলের দল। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজরা।
ম্যাচটি অনুষ্ঠিত হয় বুধবার (৩ সেপ্টেম্বর), ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে। শুরু থেকেই একতরফা আধিপত্য দেখায় স্বাগতিকরা। মাত্র ১৫ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায় তারা। মিডফিল্ডার ফি হোয়াংয়ের অ্যাসিস্টে বাঁ দিক থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড এনগোক মাই। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কিছুই করতে পারেননি।
প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভিয়েতনাম। ২০ মিনিটে অধিনায়ক ভ্যান ট্রুওঙ্গ গোল মিস করেন, আর ৪৫ মিনিটে এনগোকের একটি থ্রু পাস থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও ডিফেন্ডার জাহিদ শান্ত তা রুখে দেন।

বাংলাদেশও কিছু প্রতিআক্রমণের চেষ্টা করে। ৩৫ মিনিটে অধিনায়ক শেখ মোরসালিনের নেওয়া শট গোলরক্ষকের হাতে ধরা পড়ে, আর ৪১ মিনিটে আল-আমিন দুর্বল শট নেওয়ায় সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়।
দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনেন কোচ সাইফুল বারী টিটু। মাঠে নামানো হয় মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভাকে। তবে তাতেও ম্যাচের চিত্র পাল্টায়নি। বরং আক্রমণের ধার আরও বাড়ায় ভিয়েতনাম। ৬৩ ও ৭৭ মিনিটে দুটি শট গোলবারে লেগে ফিরে আসে।
শেষমেশ ৮৩ মিনিটে কর্নার থেকে দ্বিতীয় গোলটি করে স্বাগতিকরা। লি ডুকের পাস থেকে গোলটি করেন ভিকটর। শেষ দিকে আরও একটি সুযোগ পেলেও গোলবারে লেগে ফিরে আসে ফি হোয়াংয়ের শট।
এই পরাজয়ের ফলে বাছাইয়ের প্রথম ম্যাচেই পয়েন্ট হারাল বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামী শনিবার ইয়েমেনের মুখোমুখি হবে শেখ মোরসালিনের দল, যারা দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে।