খেলা
তুরস্কে খেলতে গিয়ে পাসপোর্ট হারিয়ে বিপাকে ইয়ামাল
তুরস্কে দুর্দান্ত পারফর্ম করলেও মাঠের বাইরে এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল লামিনে ইয়ামালকে। স্পেনের তরুণ ফুটবল সেনসেশন ম্যাচ শেষে বুঝতে পারেন, তার পাসপোর্ট নেই! ফলে দলের সঙ্গে দেশে ফেরা নিয়ে দেখা দেয় জটিলতা।
ঘটনাটি ঘটে গত ৭ সেপ্টেম্বর রাতে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তুরস্কের তর্কু অ্যারেনায় স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। ম্যাচে হ্যাটট্রিক করেন মিকেল মেরিনো, জোড়া গোল করেন পেদ্রি ও একটি গোল করেন ফেরান তোরেস। ইয়ামাল নিজে গোল না করলেও দু’টি দারুণ অ্যাসিস্টে জয়ের নায়ক হিসেবেই ছিলেন আলোচনায়।

তবে ম্যাচের পরেই ঘটে বিপত্তি। দলের বাসে ওঠার সময় ইয়ামাল টের পান, পাসপোর্ট নেই সঙ্গে। দলের অন্যান্য সদস্যরা যখন বিমান ধরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইয়ামাল পাসপোর্ট খুঁজে ফিরছেন লাগেজের ভেতর। তুরস্কের কোনিয়ায় ম্যাচ শেষে বিমানবন্দরের এপ্রনে দাঁড়িয়ে নিজ ব্যাগ তল্লাশি করে কোনো লাভ না হওয়ায় বিষয়টি জানানো হয় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে।
ফেডারেশন দ্রুত তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় কয়েক ঘণ্টার মধ্যে সমাধান আসে সমস্যার। পাসপোর্ট উদ্ধার হওয়ায় নির্ধারিত সময়ের কিছু পরেই ইয়ামাল একটি প্রাইভেট জেটে তুরস্ক ছাড়েন।

এই ছোটখাটো ঝামেলা বাদ দিলে, স্পেন দলের জন্য দিনটি ছিল প্রায় নিখুঁত। জয়ের ফলে ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা। অন্যদিকে, গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ৩ পয়েন্ট নিয়ে নিচে নেমে গেছে তুরস্ক। গ্রুপের তলানিতে রয়েছে কোনো পয়েন্ট না পাওয়া বুলগেরিয়া।
পরবর্তী ম্যাচে স্পেন ১১ অক্টোবর নিজ মাঠে মুখোমুখি হবে জর্জিয়ার। তুরস্কের প্রতিপক্ষ সেদিন হবে বুলগেরিয়া, তবে ম্যাচটি হবে অ্যাওয়ে ভেন্যুতে।