খেলা

অবশেষে নেপাল থেকে দেশে ফিরছেন জামাল-রাকিবরা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

অবশেষে নেপাল থেকে দেশে ফিরছেন জামাল-রাকিবরা
ছবি: সংগৃহীত

নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দলটি পৌঁছেছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পথে রওনা হবে তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং সরকারের যৌথ প্রচেষ্টায় জামাল ভূঁইয়া, রাকিব হাসানসহ জাতীয় দলের সব ফুটবলারকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। একই ফ্লাইটে ফিরছেন ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

উল্লেখ্য, বাংলাদেশ দল দুই ম্যাচের সিরিজ খেলতে নেপাল গিয়েছিল। ৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার পরদিনই নেপালে ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, যার জেরে সরকার পতন ঘটে। ৯ সেপ্টেম্বরের ম্যাচটি বাতিল করা হয় এবং দুপুরের পর থেকেই দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে বাংলাদেশ দলের ৯ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা বাতিল হয়ে যায়। হঠাৎ করে সৃষ্ট এই অচলাবস্থায় ফুটবলাররা দুই দিন ধরে টিম হোটেলেই অবরুদ্ধ ছিলেন। এমনকি, যে হোটেলে তারা ছিলেন, তার আশপাশেও চলছিল জ্বালাও-পোড়াও ও সহিংসতা।

এমন পরিস্থিতিতে দলের অনুশীলন বাতিল করা হয় এবং কারফিউ জারি করা হয় পুরো এলাকায়। নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস ও বাফুফে টানা যোগাযোগ রাখে দলের সঙ্গে। হোটেলবন্দি অবস্থায় খেলোয়াড়রা মূলত জিম ও ইনডোর ট্রেনিং করেই সময় কাটান।