খেলা
মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় ইন্টার মায়ামির
মাঠে নামলেই যেন ম্যাজিক দেখান লিওনেল মেসি। এবারও তার জাদুকরী পারফরম্যান্সে চেজ স্টেডিয়ামে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় মায়ামি।
ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে এটি মেসির ২২তম গোল।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইন্টার মায়ামি। ৩৫তম মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
তবে বিরতির পরেই ম্যাচে ফেরে ডিসি ইউনাইটেড। ৫৩তম মিনিটে দলের হয়ে গোল করেন অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান বেনটেকে।
সমতা ফিরে আসলেও সেই চাপ বেশিক্ষণ টিকতে দেননি মেসি। দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান বিশ্বকাপজয়ী তারকা।

ইনজুরি টাইমে ডিসি ইউনাইটেডের হয়ে জ্যাকব মুরেল একটি গোল করলেও ম্যাচে আর ফেরা হয়নি অতিথিদের। ফলে ৩-২ ব্যবধানে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি।
এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। পরবর্তী ম্যাচে তারা বুধবার সিটি ফিল্ডে মুখোমুখি হবে নিউইয়র্ক সিটি এফসির।