খেলা

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ছেলে ক্রিশ্চিয়ানিনহো (বামে)। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন তারুণ্যেই নজর কেড়েছিলেন ফুটবল দুনিয়ায়, এবার ঠিক সেই পথেই হাঁটছেন তার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সে প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে ডাক পেয়েছেন ‘ক্রিশ্চিয়ানিনহো’ নামে পরিচিত এই ফুটবলার।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফেডারেশন কাপ’ টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন রোনালদো পুত্র। ফুটবলবিশ্বের অন্যতম সেরা নামের উত্তরসূরি হিসেবে তার আগমনে জাতীয় বয়সভিত্তিক দলে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে।

ronaldo_cristianinho1_Dhakaprokash.jpg

এর আগে, অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পর্তুগালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন রোনালদো জুনিয়র। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে জোড়া গোল করে নিজের জাতও চিনিয়েছেন।

শুধু পারফরম্যান্স নয়, মাঠে বাবার মতোই নম্বর ৭-এর জার্সি পরে খেলেন তিনি। রোনালদোর ক্যারিয়ারের শুরু যেমন লেফট উইং থেকে, ছেলেও ঠিক সেই পজিশনে খেলছেন। মাঠে তার গতিময় ড্রিবল, আত্মবিশ্বাস আর গোলের খিদে অনেকটা বাবার শুরুর দিকের কথাই মনে করিয়ে দেয়।

ronaldo_cristianinho2_Dhakaprokash.jpg

বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের যুব দলের সদস্য রোনালদো জুনিয়র। এর আগে তিনি খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের একাডেমি দলে।

রোনালদো জুনিয়রের জাতীয় দলে ডাক পাওয়াকে স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, নামের ভার নয়, বরং পারফরম্যান্স দিয়েই নিজেকে প্রমাণ করছেন তরুণ ‘রোনালদো’।