খেলা

প্রেমিকার সঙ্গে ইয়ামালের বিচ্ছেদ, অন্যদিকে বাবার বিয়ের ঘোষণা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

প্রেমিকার সঙ্গে ইয়ামালের বিচ্ছেদ, অন্যদিকে বাবার বিয়ের ঘোষণা
ছবি: সংগৃহীত

মাঠের বাইরের আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ১৮ বছর বয়সী এই বিস্ময় বালক একদিকে যখন আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার মাত্র তিন মাসের প্রেমের সম্পর্ক ভেঙে দিয়েছেন, ঠিক তখনই বিয়ের ঘোষণা দিয়েছেন তার বাবা মুনির নাসরাবি।

স্পেনের সংবাদ মাধ্যমের খবর, ২৫ বছর বয়সী গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন ইয়ামাল। 

এল ক্লাসিকোর কদিন পরই ইতালির মিলানের একটি পার্টিতে দেখা যায় ইয়ামালকে। সেখানে ইতালীয়ান সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে ছিলেন ১৮ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার। গুঞ্জন উঠেছে নতুন প্রেমের সম্পর্কের কারণে নিকোলের সঙ্গে সম্পর্ক ইতি টেনেছেন ইয়ামাল। 

অবশ্য স্প্যানিশ সংবাদ মাধ্যম ইয়ামালের যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বার্সা তারকা নতুন প্রেমের কথা অস্বীকার করেন। তিনি বলেছেন, ‘আমরা (ইয়ামাল ও নিকি) এখন আর একসঙ্গে নেই। এখানে কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার বিষয় নেই, শুধু আলাদা হয়ে গেছি এটাই সত্যি।’

সম্প্রতি ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যাক্তিগত জীবন সবখানেই হোঁচট খাচ্ছেন এই উইঙ্গার। বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সিধারী এই তারকার প্রেম ভাঙার খবরের মধ্যেই তার পরিবারে বইছে খুশির হাওয়া। 

অন্যদিকে ইয়ামালের বাবা মুনির নাসরাবি নিজেই তার বিয়ের খবর জানিয়েছেন। রান্নার রেসিপি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ামালের বাবা ঘোষণা দেন যে, তিনি তার মালাগাসি প্রেমিকা খেরসিকে বিয়ে করতে চলেছেন।