খেলা

ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা, আসছেন বিশ্বকাপজয়ী কাফু


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা, আসছেন বিশ্বকাপজয়ী কাফু
ছবি: সংগৃহীত

দেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর- ঢাকায় আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই কিংবদন্তি।

আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। এতে অংশ নিচ্ছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাব। এই দুই দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠিত একটি বয়সভিত্তিক দল।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কাফুর আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন আয়োজকদের ম্যানেজিং ডিরেক্টর আসাদুজ্জামান হারুন।

তিনি বলেন, ‘কাফুর ভিসা হয়ে গেছে, টিকিটও কনফার্ম। তিনি ১১ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে আমাদের চুক্তিও সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তিনি একটি ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।’

kafu1_Dhakaprokash.jpg

তিনি আরও জানান, ব্রাজিলের এই কিংবদন্তির পাশাপাশি আর্জেন্টিনার সাবেক তারকা ওর্তেগা, ক্যানিজিয়া ও ভেরনকেও আনার চেষ্টা চলছে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে, অর্থাৎ ৫ ডিসেম্বর ব্রাজিলের দল মুখোমুখি হবে বাংলাদেশের সঙ্গে। ৮ ডিসেম্বর খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর ১১ ডিসেম্বর ফাইনাল দিনে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল- চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন দল।

২০০২ সালে দক্ষিণ কোরিয়া–জাপান বিশ্বকাপে ব্রাজিলের পঞ্চম শিরোপা জয়ের সময় দলের নেতৃত্বে ছিলেন কাফু। রোনালদো, রোনালদিনহো ও রিভালদোদের নিয়ে তিনিই সেই দলকে শিরোপা এনে দিয়েছিলেন। এবার ঢাকায় তার আগমনকে ঘিরে দেশের ফুটবল ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।