খেলা
জানুয়ারিতে বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, দেখার সুযোগ মিলবে যেভাবে
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আসছে আনন্দের বার্তা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসল ট্রফি আগামী জানুয়ারিতে ঢাকায় প্রদর্শিত হবে। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে পৌঁছাবে এই ঐতিহাসিক ট্রফি, যা নিয়ে এসেছে কোকা-কোলা।
আগামী বিশ্বকাপটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে ট্রফিকে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’। প্রায় পাঁচ মাসব্যাপী এই সফরে ট্রফিটি ফিফার ৩০টি সদস্য দেশের মোট ৭৫টি শহর ভ্রমণ করবে। এর মাধ্যমে লাখো সমর্থক কাছ থেকে ট্রফিটি দেখার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত ধরে রাখার সুযোগ পাবেন।
বাংলাদেশে এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এতে অংশ নিয়ে ভক্তরা ট্রফি দেখার টিকিট জয়ের পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন।
এই ক্যাম্পেইনে অংশ নিতে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করে বিশ্বকাপ–সংক্রান্ত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার সুযোগ পাবেন। ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত, যেখানে প্রতি ৯০ মিনিট অন্তর একজন করে বিজয়ী হওয়ার সুযোগ থাকবে।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসাই এই উদ্যোগের প্রধান অনুপ্রেরণা। তার মতে, বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের ফুটবলের আবেগ ও উত্তেজনার আরও কাছাকাছি নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য।