খেলা
মেসিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ইয়ামাল
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় নতুন ইতিহাস গড়েছেন লামিনে ইয়ামাল। এই পরিসংখ্যানে তিনি পেছনে ফেলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে।
এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি সফল ড্রিবলিংয়ের রেকর্ড এখনও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দখলে। ২০১৭ সালে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলতে গিয়ে নেইমার করেছিলেন ৩৩৫টি সফল ড্রিবলিং। সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল।
২০২৫ সালে এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৩০৭টি সফল ড্রিবলিং সম্পন্ন করেছেন ইয়ামাল, যা তাকে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে এনেছে। এই অর্জনের মাধ্যমে তিনি এক ক্যালেন্ডার বছরে মেসির সর্বোচ্চ ড্রিবলিং সংখ্যাকেও ছাড়িয়ে গেলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকার সেরা দশে লিওনেল মেসির নাম রয়েছে পাঁচবার। তবে একক বছরে সফল ড্রিবলিংয়ের বিচারে এবার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বার্সেলোনার বর্তমান ‘নাম্বার টেন’ লামিনে ইয়ামাল।