খেলা
আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, কারা আছেন তালিকায়?
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাস কয়েক বাকি থাকলেও আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৬ সদস্যের প্রাথমিক তালিকার মধ্যে ২০ জনের জায়গা প্রায় চূড়ান্ত।
লিওনেল স্কালোনির দল বিশ্বকাপে গ্রুপ জে-তে খেলবে এবং তাদের সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা তাদের অভিযান শুরু করবে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে লড়বে তারা।
গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ এবং জেরোনিমো রুল্লির জায়গা নিশ্চিত ধরা হচ্ছে। রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। তালিকায় আরও আছেন লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস এবং এনজো ফার্নান্দেসের ওপর ভরসা রাখছেন স্কালোনি।
মাঝমাঠে আরও দেখা যাবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো ও তরুণ নিকোলাস পাজকে। আক্রমণভাগে সবচেয়ে বড় নাম অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গী হিসেবে থাকছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস। থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমেওনেও আক্রমণভাগে নিজেদের জায়গা পাকা করেছেন।
বাকি ৬টি জায়গার জন্য হুয়ান ফয়েথ, মারকোস আকুনিয়া ও মাস্তান্তুয়োনোদের মধ্যে লড়াই চলছে। অন্যদিকে চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাউলো দিবালা। আলেহান্দ্রো গারনাচোর সুযোগ পাওয়া নিয়েও এখনও অনিশ্চয়তা কাটেনি।