খেলা

বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বিমান ধুয়ে ‘পবিত্র’ করল ব্রাজিল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০৯ পিএম

বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বিমান ধুয়ে ‘পবিত্র’ করল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রার আগে নিজেদের বহনকারী বিমানকে ঘিরে বিশেষ আনুষ্ঠানিকতার আয়োজন করেছে ব্রাজিল। এ আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপ যাত্রার আগে বিমানের সামনে দলীয় একটি ছবিও প্রকাশ করে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ছবিতে নতুন স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযানে নামা খেলোয়াড়দের উচ্ছ্বসিত ও আত্মবিশ্বাসী দেখা যায়।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে শিরোপার অপেক্ষায় রয়েছে দলটি। সেই আক্ষেপ ঘোচাতে এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে সেলেসাওরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিও ডি জেনিরোর একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা চার্টার্ড বিমানের দুই পাশে জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। বিমান চলাচল খাতে এটি বিশেষ সম্মান ও শুভকামনার প্রতীক হিসেবে পরিচিত।

খ্রিস্টান ঐতিহ্য অনুযায়ী, নতুন যাত্রা কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আগে এ ধরনের আয়োজনকে আশীর্বাদ ও শুভ সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিমানটিকে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে সাজানো হয়।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ব্রাজিল দল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে রওনা দেয়। প্রায় ১০ ঘণ্টার ভ্রমণ শেষে দলটি সেখানে পৌঁছায়।

খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ব্যবহৃত বিশেষ চার্টার্ড বিমানটিতে শয্যাবিশিষ্ট আসনের ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি কমিয়ে সর্বোচ্চ আরাম দেওয়ার লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে।

নিউ জার্সির একটি প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করবে ব্রাজিল। এখন সমর্থকদের অপেক্ষা, ২৪ বছরের শিরোপাখরা কাটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারে কি না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।