খেলা
৯ জুন শুরু হচ্ছে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’, দেশজুড়ে ১৩ ফ্যান জোন
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বাড়ছে উন্মাদনা। এই আবহকে আরও প্রাণবন্ত করতে হাউজ ও অ্যাথলিট স্পোর্টস গিয়ার-এর যৌথ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। বিশ্বকাপ ও দেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।
আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’ দিয়ে এ আয়োজনের যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি দেশের বর্তমান ও জাতীয় দলের তারকা ফুটবলাররাও এতে অংশ নেবেন।
অনুষ্ঠানে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এছাড়া বিশ্বকাপ জার্সি নিয়ে ফ্যাশন শো, সংগীত ও ডিজে পরিবেশনা আয়োজন করা হয়েছে। বিনোদন অঙ্গনের তারকারাও বিশ্বকাপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও উচ্ছ্বাস ভাগাভাগি করবেন।
এই আয়োজনের ধারাবাহিকতায় দেশব্যাপী ১৩টি জোনে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ‘ফ্যান জোন’ নামে পরিচিত হবে। ইউরোপীয় ফুটবল সংস্কৃতির আদলে সাজানো এসব ফ্যান জোনে থাকবে খাবারের স্টল, গেমিং কার্যক্রম এবং জার্সি উৎসব। দর্শকদের জন্য থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার জয়ের সুযোগ।
আগামী ১১ জুন রাতে ঢাকার তিনটি জোনে আনুষ্ঠানিকভাবে ফ্যান জোন উদ্বোধন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’ ও দেশজুড়ে ফ্যান জোন কার্যক্রম বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করবে।