খেলা
ফিফার ওয়েবসাইটের ভুলে ‘ফ্রি’তে বিশ্বকাপের টিকিট পেলেন ৬০ ভক্ত!
ফিফার ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে প্রায় ৬০টি বিশ্বকাপ টিকিট ভুলবশত বিনা মূল্যে (শূন্য ডলার) ইস্যু হওয়ার ঘটনা ঘটেছে। পরে এসব টিকিট বাতিল করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংস্থাটি জানায়, চেকআউটের সময় পেমেন্ট সংক্রান্ত ত্রুটির কারণে টিকিটগুলো বিনা মূল্যে বরাদ্দ হয়ে গিয়েছিল। গত ২১ মে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে টিকিট বিক্রির সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফিফা। তবে সংশ্লিষ্ট ভক্তদের জন্য টিকিটগুলো এখনো সংরক্ষিত রয়েছে। তারা চাইলে নির্ধারিত মূল্য পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে নিউইয়র্ক ও নিউজার্সির অ্যাটর্নি জেনারেলরা ইতোমধ্যে ফিফার টিকিটিং কার্যক্রমের তদন্ত শুরু করেছেন। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। তবে বাস্তবে এখনো টিকিট বিক্রি চলমান রয়েছে।
এবারের আসরের টিকিটের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। ২০১৮ সালে আয়োজক হওয়ার সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো গ্রুপ পর্বের বিপুলসংখ্যক টিকিট স্বল্পমূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে ফাইনালের প্রথম সারির একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩২ হাজার ৯৭০ ডলার।
ফিফার দাবি, টিকিট বিক্রি থেকে অর্জিত বিপুল অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। আগের আসরগুলোর মতো স্থানীয় আয়োজক কমিটির পরিবর্তে এবার টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সংস্থাটি।
কালোবাজারি রোধে ফিফা নিজস্ব প্ল্যাটফর্মে টিকিট বিক্রি ও পুনরায় বিক্রির ব্যবস্থা চালু করেছে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। তবে এসব কড়াকড়ির মধ্যেও থার্ড-পার্টি প্ল্যাটফর্মে অনেক ম্যাচের টিকিট সহজলভ্য দেখা গেছে।