খেলা
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার ভোরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নেয় সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে প্রথম গোল করেন ব্রুনো গিমারায়েস।
তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় মিশর। ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল ব্যাকপাসের সুযোগ নিয়ে সমতাসূচক গোল করেন মোস্তাফা জিকো। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ৫২তম মিনিটে রাফিনিয়ার দারুণ পাস থেকে শক্তিশালী শটে বল জালে জড়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। তার করা গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ম্যাচজুড়ে উভয় দলই বিভিন্ন কৌশল পরীক্ষা করতে একাধিক পরিবর্তন আনে। শেষ দিকে সমতায় ফেরার জন্য মিশর চাপ সৃষ্টি করলেও ব্রাজিলের রক্ষণভাগ তা সফলভাবে প্রতিহত করে।
হারলেও মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ রুখে দিয়ে দলকে লড়াইয়ে রাখেন তিনি।
বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। অন্যদিকে পরাজিত হলেও নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করে প্রস্তুতি এগিয়ে নেওয়ার সুযোগ পেল মিশর।