খেলা

মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৫ এএম

মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মাঠে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। পুরো ম্যাচ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। ফলে গ্যালারিতে উপস্থিত অনেক সমর্থকই কিছুটা হতাশ হয়েছেন।

ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রতিপক্ষের বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে কোনো ভুল করেননি লাউতারো।

বিরতির পর ৫১তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারো মার্টিনেজের দারুণ ব্যাকহিল পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

দ্বিতীয় গোলের পর আর্জেন্টিনার কোচ বেশ কয়েকটি পরিবর্তন আনলেও মাঠে নামানো হয়নি লিওনেল মেসিকে। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ক্লাবের হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন। তাই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি দল।

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আসন্ন বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।