খেলা
ব্রাজিল-আর্জেন্টিনা নয়! এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে মরক্কো: মামদানি
ব্রাজিল বা আর্জেন্টিনার মতো চিরচেনা পরাশক্তিকে নয়, বরং ২০২৬ ফুটবল বিশ্বকাপে আফ্রিকার দেশ মরক্কোকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক বিশেষ বিশ্বকাপ প্রেডিকশন গেমে অংশ নিয়ে এমন চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি।
ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত জোহরান মামদানি নিজের পছন্দের ব্যাখ্যায় বলেন, তিনি যুক্তি দিয়ে নয়, বরং হৃদয়ের টান থেকেই মরক্কোকে এগিয়ে রেখেছেন। তার তৈরি করা টুর্নামেন্ট ব্র্যাকেট অনুযায়ী, ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে মরক্কো।
২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার সাফল্যকে উদাহরণ হিসেবে টেনে তিনি এই পূর্বাভাস দেন। তার মতে, সেই পারফরম্যান্সই প্রমাণ করে আফ্রিকার এই দলটি বড় মঞ্চে চমক দেখাতে সক্ষম।
তবে তার এই পূর্বাভাসে রয়েছে আরও কিছু বড় চমক। মামদানির হিসাব অনুযায়ী, গ্রুপ পর্বেই জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শেষ ৩২ থেকেই।
উগান্ডায় জন্ম নেওয়া এই মার্কিন রাজনৈতিক নেতা আরও স্মরণ করেন ২০১০ বিশ্বকাপের একটি ঘটনা। সে সময় লুইস সুয়ারেজের বিতর্কিত হ্যান্ডবলের কারণে ঘানার বিদায় তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং তিনি স্টেডিয়ামেই কেঁদে ফেলেছিলেন। এবার তার পূর্বাভাসে ঘানা গ্রুপ পর্ব পেরোলেও শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান