খেলা
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা
উত্তর আমেরিকা বিশ্বকাপ ২০২৬ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজ নিজ প্রস্তুতি শেষ করে স্বাগতিক দেশগুলোতে পৌঁছাতে শুরু করেছে। তবে অন্য সবার চেয়ে ভিন্ন আবহে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ইরান ফুটবল দল।
দেশ ছাড়ার আগে পবিত্র কোরআন শরিফে চুমু দিয়ে এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানি ফুটবলাররা। বিমানবন্দরে বিদায়ের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপগামী বিমানে ওঠার আগে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পবিত্র কোরআন শরিফে চুমু দেন এবং মাথায় ছুঁয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত শত শত সমর্থক জাতীয় পতাকা হাতে ফুটবলারদের শুভকামনা জানান।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরান দল দীর্ঘদিন তুরস্কের আনতালিয়ায় অনুশীলন ক্যাম্প করেছে। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার আবেদন করেন খেলোয়াড় ও কর্মকর্তারা।
তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক জানিয়েছেন, ইরানি ফুটবলাররা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ভিসা পেয়েছেন। তবে পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দাবি করা হয়, খেলোয়াড়রা ভিসা পেলেও দলের টেকনিক্যাল স্টাফ ও প্রতিনিধি দলের ১৫ জন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এই ভিসা জটিলতার মধ্যেই ইরান দল মেক্সিকোতে পৌঁছেছে। তবে গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ফলে ম্যাচ খেলতে বারবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হবে দলটিকে।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি বাড়ানোর পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক টানাপোড়েন ও ভিসা সংকটের মধ্যেই তাই এবারের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ইরানের।