খেলা
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো মারা গেছেন
ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি সেন্টার ব্যাক ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রিতো ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে তার গড়া জুটি সে সময় ব্রাজিল দলের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হতো।
ব্রিতোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডারকে আমরা হারালাম। ১৯৭০ বিশ্বকাপ জয়ে ব্রিতোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রিতো ব্রাজিলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে স্বাধীনতা কাপও জিতেছিলেন।
তিনি আরও বলেন, এই মহান তারকার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের এই তারকার মৃত্যুতে বিশ্ব ফুটবল হারালো আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে।