খেলা

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৮ এএম

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-কে ইতিমধ্যেই ‘মৃত্যুকূপ গ্রুপ’ হিসেবে আখ্যা দিচ্ছেন ফুটবল বিশ্লেষকরা। এই গ্রুপে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র তিন শক্তিশালী দলের লড়াই জমে উঠেছে নকআউট পর্বে জায়গা পাওয়ার জন্য।

শুক্রবার (১২ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এক গোল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচে কামব্যাক করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ‘তাইগুক ওয়ারিয়র্স’ খ্যাত দলটি।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই তেমন আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণ। ৫৯তম মিনিটে চেক প্রজাতন্ত্র প্রথমে এগিয়ে যায়। এক চতুর থ্রো ইন থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন চেক ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেচিস।

গোল হজম করার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। ম্যাচের শেষ ২০ মিনিটে শুরু হয় নাটকীয়তা। সমতায় ফেরার কয়েক মিনিটের মধ্যেই চেক প্রজাতন্ত্র আবারও গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। অসাধারণ এক গোল করেন ওহ হিয়ন গিউ, যেটিই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয় কোরিয়ার জন্য।

দলের তারকা অধিনায়ক সন হিউং মিন একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি। তবে তার প্রচেষ্টা এবং দলের সমন্বিত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।