খেলা

নিজের নাম পাল্টে রাখলেন ব্রাজিল খান, চালু করতে চান ‘ব্রাজিল কার্ড’


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:০০ পিএম

নিজের নাম পাল্টে রাখলেন ব্রাজিল খান, চালু করতে চান ‘ব্রাজিল কার্ড’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সাতক্ষীরার অলিতে-গলিতে। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শহরের রাজারবাগান এলাকার এক যুবক।

ব্রাজিলকে ভালোবেসে তিনি শুধু নিজের নামই পরিবর্তন করেননি, তুলেছেন বিশেষ ‘ব্রাজিল কার্ড’ চালুর দাবি। ওই যুবকের বর্তমান নাম আফিদ জাদা মোহাম্মদ ব্রাজিল খান আফ্রিদি।

পেশায় তিনি একটি অনলাইন খাবার সরবরাহ প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মী। নিজের মোটরসাইকেল ব্রাজিলের পতাকা ও বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করে শহরের বিভিন্ন সড়কে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাকে এক নজর দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ ও ফুটবলপ্রেমীরা।

আফ্রিদি জানান, বিশ্বকাপ এলেই সমর্থকরা পতাকা, জার্সি ও নানা সামগ্রী কিনে দেশের অর্থনীতিতে অবদান রাখেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কাছে ‘ব্রাজিল কার্ড’ চালুর দাবি জানিয়েছেন। তার মতে, নিম্নআয়ের পরিবারের জন্য যেভাবে ‘ফ্যামিলি কার্ড’ রয়েছে, ঠিক তেমনি ব্রাজিল সমর্থকদের জন্যও একটি বিশেষ কার্ড চালু করা যেতে পারে, যাতে তারা একই ধরনের সুবিধা পেতে পারেন।

তিনি বলেন, অনেকেই ব্রাজিল সমর্থকদের নিয়ে ঠাট্টা করে কষ্ট দেয়, যা ঠিক নয়। ফুটবল আনন্দের খেলা—এখানে বিভেদ নয়, আনন্দই হওয়া উচিত। তার পরিবারেও ভিন্ন দলের সমর্থন রয়েছে; বাবা আর্জেন্টিনার সমর্থক হলেও এতে কোনো দ্বন্দ্ব নেই।

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার পছন্দ ভিন্ন হতে পারে। তবে বিশ্বকাপকে কেন্দ্র করে মারামারি বা সহিংসতা কখনোই কাম্য নয়।

ব্যতিক্রমী এই ব্রাজিল ভক্তের কর্মকাণ্ড ইতোমধ্যেই সাতক্ষীরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।