খেলা

প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৪৯ এএম

প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পেরে অবশেষে মুখ খুললেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার সাফ কথা, “প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না।”

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। ম্যাচে শুরুতে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোল ম্যাচে সমতা ফেরায়।

১৯৩৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারার শঙ্কায় পড়েছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে সক্ষম হয় তারা।

ম্যাচ শেষে নিজের দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, শুরুটা কঠিন ছিল এবং খেলোয়াড়দের মধ্যে স্নায়ুচাপ কাজ করেছে। তার মতে, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।

তিনি আরও বলেন, “আমরা ভালো খেলিনি, তবে হতাশ হওয়ার কিছু নেই। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই নিখুঁত ফুটবল আশা করা বাস্তবসম্মত নয়। ফল খারাপ নয়, কিন্তু পরের ম্যাচগুলোতে উন্নতি করতে হবে।”

গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রও স্বীকার করেছেন, শুরুটা ভালো হয়নি তাদের। তিনি বলেন, প্রথম গোল হজমের পর ছন্দে ফেরা কঠিন হয়ে যায়, বিশেষ করে এমন বড় মঞ্চে।

তিনি আরও যোগ করেন, “আমাদের উন্নতি করতে হবে এবং এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা এখনো শুরু মাত্র। বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই।”

উল্লেখ্য, বিশ্বকাপে সাধারণত শক্ত অবস্থানেই শুরু করে ব্রাজিল। তবে এবার ব্যতিক্রমী শুরুর মুখে পড়তে হয়েছে দলটিকে। মরক্কো দলের আক্রমণাত্মক কৌশল ম্যাচের শুরুতেই কার্যকর প্রমাণিত হয়।