খেলা

পবিত্র কালিমার সম্মানে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদি আরবের পতাকা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

পবিত্র কালিমার সম্মানে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদি আরবের পতাকা
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মাত্র দুটি দেশের জাতীয় পতাকায় আল্লাহর নাম সংবলিত লেখা রয়েছে। সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যিবা এবং ইরাকের পতাকায় ‘আল্লাহু আকবার’ লেখা আছে। তবে ইরাক এখনো মাঠে না নামলেও সৌদি আরব ইতোমধ্যে তাদের প্রথম ম্যাচ খেলেছে, যেখানে উরুগুয়ের বিপক্ষে ১–১ গোলে ড্র করে।

নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় দুই দলের পতাকা মাঠে প্রদর্শন করা হয়। কিন্তু ওই ম্যাচে দেখা যায়, সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি, যা ছিল ব্যতিক্রমী ঘটনা। এর আগে বিশ্বকাপের অন্যান্য সব ম্যাচেই জাতীয় সংগীতের সময় পতাকা মাটিতে নামানো হয়েছিল।

এই ম্যাচে ভিন্নতা রাখা হয় মূলত সৌদি আরবের পতাকায় থাকা পবিত্র কালিমার প্রতি সম্মান জানাতে। একই সঙ্গে যেন বৈষম্য বা বিতর্ক সৃষ্টি না হয়, সে কারণে উরুগুয়ের পতাকাও মাটিতে নামানো হয়নি; বরং উভয় দেশের পতাকাই উঁচুতে ধরে রাখা হয়।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, তাদের পতাকায় কালিমা থাকায় সেটিকে কখনো মাটিতে নামানো যায় না। এই ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়েই আয়োজক সংস্থা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের অনুরোধেই এ ব্যবস্থা নেওয়া হয়, যা নিয়ে ইতোমধ্যে প্রশংসাও পাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।