খেলা
বিশ্বকাপের মাঠে নামার আগেই বড় সুখবর দিলেন নেইমার
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও ব্যক্তিগত জীবনে সুখবর দিয়েছেন ভক্তদের। আবারও বাবা হতে যাচ্ছেন এই ফুটবল তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি জানান, তাদের ঘরে আসছে আরও একটি কন্যাসন্তান। পরিবারের সদস্যদের নিয়ে সন্তানের লিঙ্গ প্রকাশের বিশেষ আয়োজন করেন তারা। অনুষ্ঠানে গোলাপি রঙের মাধ্যমে জানা যায়, তাদের ঘরে আসছে মেয়ে।
পুরো আয়োজনজুড়ে নেইমারকে হাসিখুশি মেজাজে দেখা গেছে। মজার ছলে তিনি বলেন, মেয়ের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে তিনি নাকি পাগল হয়ে যাবেন।
এরপর আরও রসিকতা করে তিনি জানান, এত মেয়েকে নিয়ে একটি ব্যান্ড গঠন করবেন, যার নাম রাখবেন ‘স্পাইস গার্লস’। পাশাপাশি আগামী বছরের ডিসেম্বরে একটি ছেলে সন্তানের আশাও ব্যক্ত করেন তিনি।
ব্রুনার সঙ্গে এটি নেইমারের তৃতীয় সন্তান হতে যাচ্ছে। তাদের আগের দুই কন্যা মাভি ও মেল রয়েছে, মাভির বয়স দুই বছর, আর মেল এখনও এক বছরে পা দেয়নি। নতুন সন্তান জন্ম নিলে ব্রুনার সঙ্গে নেইমারের তিন কন্যা হবে।
সব মিলিয়ে নেইমার পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন। ব্রুনার দুই কন্যার পাশাপাশি তার বড় ছেলে দাভি লুকা রয়েছে ক্যারল দান্তাসের সঙ্গে। এছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তার আরেক কন্যা হেলেনাও রয়েছে।