খেলা

৩ ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২০ পিএম

৩ ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ বাড়িয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি। ফলে ৩৬ বছর বয়সী এই ফুটবলার গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ম্যাচে ১২ গোল করা জোয়ানে দলের আক্রমণভাগের অন্যতম ভরসার নাম।

গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাচের ৮৪তম মিনিটে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর মেক্সিকোর রবের্তো আলভারাদোর ওপর গুরুতর ফাউলের অভিযোগে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

ফিফা ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী ছিল না। মাঠে নেমে তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস দেন। কোনো গ্রাউন্ড ডুয়েলেও জয় পাননি।

লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ম্যাচ শেষে তিনি বলেন, সিদ্ধান্তটি বিতর্কিত এবং এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো গুরুতর ছিল না। তার দাবি, প্রতিপক্ষ খেলোয়াড়ই জোয়ানেকে বাধা দিচ্ছিলেন।

তবে একই ম্যাচে বহিষ্কৃত আরেক খেলোয়াড় ফেলেলো সিথোলের লাল কার্ডকে সঠিক বলে মেনে নিয়েছেন তিনি।

এখন দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার আটলান্টায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যাওয়া চেকদের বিপক্ষে জয় না পেলে নকআউট পর্বে ওঠা আরও কঠিন হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার জন্য।