খেলা
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ শীর্ষে নেদারল্যান্ডস
বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা, তাদের তীব্র গতির সামনে কার্যত অসহায় হয়ে পড়ে সুইডিশরা।
এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। এর আগে প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল সুইডেন।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি। তার গতিময় আক্রমণ ও নিখুঁত ফিনিশিংয়ে বারবার চাপে পড়ে সুইডেনের রক্ষণভাগ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডাচরা। লিভারপুলের তারকা কোডি গাকপো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। ৫৪তম মিনিটে দারুণ এক শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি।
গাকপোর এই গোলটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল হিসেবেও ইতিহাসে জায়গা করে নেয়। মাত্র ৩৩ ম্যাচেই শততম গোলের মাইলফলক ছুঁয়েছে এবারের আসর, যা ১৯৫৮ সালের পর সবচেয়ে দ্রুততম।
চার গোল হজমের পর ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে একটি গোল শোধ করে সুইডেন। বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা গোল করে ব্যবধান কিছুটা কমান।
তবে শেষ পর্যন্ত দাপট ধরে রাখে নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল দারুণ এক ফিনিশিংয়ে পঞ্চম গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন।