খেলা
৬৮ বছর পর বিশ্বকাপে দ্রুততম ১০০ গোলের মাইলফলক
২০২৬ বিশ্বকাপে নতুন এক ইতিহাসের জন্ম হলো। মাত্র ৩৩তম ম্যাচেই পূর্ণ হলো টুর্নামেন্টের ১০০ গোল, যা ১৯৫৮ সালের পর এত দ্রুত আর কোনো বিশ্বকাপে দেখা যায়নি।
এই মাইলফলক স্পর্শ করা গোলটি আসে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপোর পা থেকে। তার করা ম্যাচের চতুর্থ গোলটিই এবারের বিশ্বকাপের শততম গোল হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নেয়।
এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে ২৬তম ম্যাচে ১০০তম গোলের দেখা মিলেছিল। সেই আসরের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের কিংবদন্তি পেলে গোলটি করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর।
এদিকে হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ম্যাচে ডাচদের হয়ে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। এছাড়া একটি করে গোল করেন ক্রিসেনসিও সামারভিল। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের ৫ মিনিটেই কোডি গাকপোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রবি, এতে ২–০ ব্যবধানে এগিয়ে যায় দল।
বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে গোল করে ব্যবধান ৩–০ করেন কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি, যা বিশ্বকাপের ১০০তম গোল হিসেবে রেকর্ড হয়।
৫৯ মিনিটে পাল্টা আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল শোধ করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ম্যাচের শেষদিকে ৮৭ মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে বড় জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।
এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। তাদের প্রথম ম্যাচটি জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র হয়েছিল। অন্যদিকে সুইডেন প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫–১ গোলে হারালেও এই ম্যাচে বড় ব্যবধানে হারের মুখে পড়ে।