খেলা
৯০ মিনিটে ১৫ সেভ করে ইতিহাসের পাতায় কুরাসাওয়ের গোলরক্ষক রুম
গোলশূন্য ড্র হলেও ম্যাচের সবচেয়ে বড় আলোচনায় উঠে এসেছেন কুরাসাওয়ের অভিজ্ঞ গোলরক্ষক এলয় রুম। ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি গড়ে ফেলেছেন বিশ্বকাপ ইতিহাসে বিরল এক কীর্তি।
শনিবার দিবাগত রাতের ম্যাচে ইকুয়েডরের লাগাতার আক্রমণের সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে ছিলেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। পুরো ম্যাচে তিনি ১৫টি সেভ করেন, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সেভের যৌথ রেকর্ডে তাকে জায়গা করে দেয়।
এই ড্রয়ের মাধ্যমে কুরাসাও নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ পয়েন্টও অর্জন করে।
মাত্র কয়েক মাস আগে জ্যামাইকার বিপক্ষে ক্লিন শিট রেখে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছিলেন এলয় রুম। এরপর জার্মানির কাছে বড় ব্যবধানে হারলেও ইকুয়েডরের বিপক্ষে তিনি ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে সেভ গণনা শুরুর পর বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ১৫ সেভের রেকর্ড প্রথম করেছিলেন যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড, ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এলয় রুম।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের লিগ ইউএসএল চ্যাম্পিয়নশিপে মায়ামি এফসির হয়ে খেলেন। এর আগে কলম্বাস ক্রুর হয়ে এমএলএস কাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠেছে একটি পরিসংখ্যানেও—তাদের ১৫টি অন টার্গেট শট ছিল, যা গোল না করেও বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।