খেলা
বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন লিওনেল মেসি
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড এখন তার দখলে।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নিজের তৃতীয় পেনাল্টিটিও মিস করেন মেসি। এর আগে দুইটি মিস করে তিনি ঘানার স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত মোট সাতটি পেনাল্টি নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্যে চারটিতে গোল করলেও তিনটি মিস করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, তার মিস করা সবগুলো পেনাল্টিই ইউরোপের দলের বিপক্ষে। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম মিস করেন তিনি। এরপর ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং সর্বশেষ অস্ট্রিয়ার বিপক্ষে ব্যর্থ হন।
তবে এই বিব্রতকর রেকর্ডের মাঝেও নতুন এক কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। তার গোলসংখ্যা এখন ১৭, যা জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।