খেলা
ভিনির গোল বাতিলে ফিফায় ব্রাজিলের অভিযোগ, রেফারেন্সে মেসির গোল
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের করা একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল হওয়ায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
অভিযোগের পক্ষে যুক্তি হিসেবে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলের ঘটনাও উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচেই ম্যাচসেরা হওয়ার পাশাপাশি করেছেন চারটি গোল। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি গোল পেলে হ্যাটট্রিক পূর্ণ হতো। এতে ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়ার সুযোগ ছিল তার সামনে।
তবে হ্যাটট্রিক না হওয়ার পেছনে দুটি কারণ সামনে এসেছে। একটি, সহজ কিছু সুযোগ হাতছাড়া করা। অন্যটি, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচের ২৪তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। কিন্তু ভিএআর দেখে রেফারি সেসার আর্তুরো রামোস গোলটি বাতিল করেন। তার দাবি, বল কাড়ার সময় ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।
এই সিদ্ধান্ত ঘিরে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্রাজিলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার নজির রয়েছে।
অভিযোগে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়। ওই ম্যাচে লিওনেল মেসির গোলের আগে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার এক খেলোয়াড়কে ট্যাকল করেছিলেন। তবে সেসময় রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি। অস্ট্রিয়ার খেলোয়াড়রা আপত্তি জানালেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত দেওয়ায় ব্রাজিল সেটিকেই রেফারেন্স হিসেবে ফিফার কাছে তুলে ধরেছে।
এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ জাপান।