খেলা
ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া
ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লুকা মদ্রিচের দল।
এই জয়ে গ্রুপের রানারআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে ক্রোয়াটরা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে পরাজিত হলেও ঘানাও নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে।
রোববার (২৮ জুন) ভোরে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া, তবে পাল্টা আক্রমণে ঘানাও ছিল সমান তৎপর। ম্যাচের ৩০তম মিনিটে গোলের দেখা পায় ইউরোপের দলটি।
পিটার সুচিচের নেওয়া শট জালে জড়ালেও প্রথমে সহকারী রেফারি অফসাইডের সংকেত দেন। পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় ৩১তম মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করা হয়।
বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ঘানা। এর ফল মেলে ৭৩তম মিনিটে। আর্নেস্ট নুয়ামাহর ফ্রি কিক থেকে বল পেয়ে ডেরিক লুকাসেন দারুণ ভলিতে জালে পাঠান। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে গোলটি বহাল থাকে।
সমতা ফেরানোর পর ম্যাচে ফেরার আশা জাগায় ঘানা। তবে ৮৩তম মিনিটে নিকোলা ভ্লাসিচের দুর্দান্ত ফিনিশে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। শেষ দিকে ঘানার একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়াটরা।
এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখছে ক্রোয়েশিয়া। অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেও সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী ধাপে খেলবে ঘানা।