খেলা

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম এবার আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের পূর্বাভাস দিয়েছেন। তার দাবি, শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেবে কেপ ভার্দে।

শনিবার (৪ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের শেষ ষোলোর ম্যাচ। গ্রুপ পর্বে টানা জয় তুলে নেওয়া আর্জেন্টিনাকে নিয়েই বিস্ময়কর এই ভবিষ্যদ্বাণী করেছেন বোনসাম।

তার ভাষ্য, ‘শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

এর আগে হ্যারি কেইনকে ঘিরে দেওয়া তার বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তখন তিনি বলেছিলেন, কেইনের বড় কোনো ক্ষতি তিনি চান না। তবে নিজের দেশের স্বার্থে তাকে আটকে রাখতে যতটুকু প্রয়োজন, ততটুকুই করবেন।

সেই ম্যাচের পর বোনসাম দাবি করেন, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। একই সঙ্গে তিনি জানান, এরপর কেইনকে তিনি মুক্ত করে দেবেন, যাতে পরের ম্যাচে গোল করতে পারেন। এমনকি ভবিষ্যতে নিজের এক সন্তানের নামও হ্যারি রাখবেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

পরবর্তী ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের দুই-শূন্য ব্যবধানের জয়ে গোল করেন হ্যারি কেইন। এরপর থেকেই নানা কওয়াকু বোনসামকে নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা।

এবার আর্জেন্টিনাকে নিয়ে করা তার নতুন ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।