খেলা

কিংবদন্তির বিদায়, বিশ্বকাপ মঞ্চে শেষবার লুকা মদ্রিচ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

কিংবদন্তির বিদায়, বিশ্বকাপ মঞ্চে শেষবার লুকা মদ্রিচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বিদায়ের মঞ্চে একসঙ্গে দেখা মিলেছিল দুই ফুটবল মহাতারকার। তবে শেষ পর্যন্ত বিদায়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচকে। ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল বাতিল হওয়ায় শেষ হয়ে যায় তার বিশ্বকাপ অভিযান। অন্যদিকে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো টিকে থাকেন আরও একটি ম্যাচ খেলার আশায়।

ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে সাবেক সতীর্থ মদ্রিচকে আলিঙ্গন করে সান্ত্বনা দেন রোনালদো। তিনি জানান, দীর্ঘ সময় একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস মদ্রিচ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি। মদ্রিচের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানান তিনি।

হারের ম্যাচেও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছেন চল্লিশ বছর বয়সী এই মিডফিল্ডার। পুরো ম্যাচজুড়ে বল দখল, রক্ষণে দৃঢ়তা এবং আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে সতীর্থের গোল বাতিল হওয়ার পর শেষ বাঁশি বাজতেই হতাশায় ভেঙে পড়েন এই অভিজ্ঞ ফুটবলার।

মদ্রিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া ২০১৮ সালের বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করে। এটি ছিল তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। এবারের আসরে দলের চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ পর্যায়ে একাধিক শিরোপা জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সফল মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে।

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের প্রধান প্রশিক্ষক রবার্তো মার্তিনেজও মদ্রিচের প্রশংসায় ভাসান। তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারের পরও মদ্রিচের খেলার মান, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা এখনও তরুণদের মতোই প্রাণবন্ত। তার মতে, বল পায়ে রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লুকা মদ্রিচ বর্তমান ফুটবলের অন্যতম সেরা উদাহরণ।