খেলা

মারামারি নয়, খেলাটা উপভোগ করুন: ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতের আহ্বান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

মারামারি নয়, খেলাটা উপভোগ করুন: ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতের আহ্বান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মিম, ট্রল ও বাকযুদ্ধ চললেও তা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়—এমন আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতরা।

তারা বলেন, ফুটবল আনন্দ, বন্ধুত্ব ও সম্প্রীতির খেলা। তাই মারামারি নয়, বরং খেলাটিকে উপভোগ করাই হওয়া উচিত সবার মূল লক্ষ্য।

শুক্রবার সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

অনুষ্ঠানে এক আন্তরিক মুহূর্তে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ব্রাজিলের রাষ্ট্রদূতের কাঁধে হাত রেখে বলেন, “আমরা কিন্তু বন্ধু।” জবাবে ব্রাজিলের রাষ্ট্রদূত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “মারামারি করবেন না, শুধু খেলাটা উপভোগ করুন।”

দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিচ্ছে। ছয়জনের দলে ছোট মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল হবে ৪ জুলাই। টুর্নামেন্টটির আয়োজন করেছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী এবং ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে দেশের মানুষের আবেগ বিশ্বজুড়ে পরিচিত। এই ভালোবাসাকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলও এমন অবস্থানে পৌঁছাবে, যখন দেশের মানুষ একই আবেগ নিয়ে নিজেদের দলকে সমর্থন করবে।

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি আনন্দের প্রতীক। জয় গুরুত্বপূর্ণ হলেও খেলাটি উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় দলকে সমর্থন করুন, আনন্দ করুন, তবে সবকিছু যেন শান্তিপূর্ণ থাকে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে মাঠে, মাঠের বাইরে নয়।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলে। বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মানুষের মধ্যেও এই খেলার মাধ্যমে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে এবং তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইথিওপিয়ান এয়ারলাইন্স।