খেলা
বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়েছেন। কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে ৩০টি ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।
চলতি আসরেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে পেছনে ফেলেছিলেন মেসি। এবার ৩০তম ম্যাচ খেলতে নেমে নিজের সেই রেকর্ডকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টিনার এই মহাতারকা।
বিশ্বকাপে লোথার ম্যাথাউস খেলেছেন ২৫টি ম্যাচ। আর সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত বিশ্বকাপে তার ম্যাচসংখ্যা ২৬। প্রতিযোগিতায় পর্তুগাল টিকে থাকায় সামনে তার ম্যাচসংখ্যা আরও বাড়ার সুযোগ রয়েছে।
লিওনেল মেসি প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসরে। এরপর টানা আরও পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পাশাপাশি একের পর এক নতুন রেকর্ড গড়ে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।