খেলা
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি অবিশ্বাস্য রকমের কঠিন ছিল: স্কালোনি
কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কষ্টার্জিত জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল কেপ ভার্দে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, লড়াইটি ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। অতিরিক্ত সময়ে জয় পাওয়ার পর তিনি বলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয় এ কথাটি আজ আবারও সত্য প্রমাণিত হয়েছে।
পুরো ম্যাচজুড়েই দারুণ লড়াই করেছে কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও প্রতিবারই সমতায় ফিরে এসে আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয় তারা। প্রতিপক্ষের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে স্কালোনি বলেন, প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেই হয়। তারা মাঠে প্রমাণ করেছে কতটা শক্তিশালী দল।
এদিকে নিজেদের দল নিয়েও সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। তিনি জানান, দলের সবচেয়ে বড় শক্তি হলো কখনো হাল না ছাড়া মানসিকতা। কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক দিক খুঁজে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাই তাদের জয় এনে দিয়েছে।
স্কালোনি বলেন, যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকা জরুরি, আর তার দল সেটাই করেছে।