খেলা
শেষ ষোলোর প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে বড় দুঃসংবাদ পেয়েছে ফ্রান্স। উরুর চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডের ভরসা অরেলিয়াঁ চুয়ামেনি।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের আগের শেষ অনুশীলনে চোটে পড়েন। চলতি টুর্নামেন্টে ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতে শুরুর একাদশে ছিলেন তিনি।
চুয়ামেনির অনুপস্থিতিতে শুরুর একাদশে মানু কোনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় খেলেছিলেন কোনে।
মাঝমাঠে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই তারকা বর্তমানে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন।
গ্রুপ ‘আই’-এর সব ম্যাচ জিতে নকআউট পর্বে ওঠে ফ্রান্স। পরে রাউন্ড অব বত্রিশে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বর্তমান রানার্সআপরা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায়।