খেলা
আর্জেন্টিনার কাছে হেরেও গর্বিত কেপ ভার্দে, কোচ বললেন ‘এটা সম্মানের পরাজয়’
অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে হারলেও প্রশংসায় ভাসছে আফ্রিকার দেশ কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্স। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে দলটি।
শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে কেপ ভার্দে। আক্রমণাত্মক ফুটবলে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে রাখে তারা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হজম করা গোলেই শেষ পর্যন্ত বিদায় নিতে হয় দলটিকে।
ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা তাদের জন্য গর্বের। তিনি বলেন, “দুইবার সমতায় ফেরা এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নেওয়া আমাদের দেশের জন্য সম্মানের। এটি গৌরবের পরাজয়, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”
তিনি আরও বলেন, পুরো ১২০ মিনিট শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টিকে থাকা কেপ ভার্দের জন্য বড় অর্জন। তার মতে, খুব কম দলই আর্জেন্টিনার বিপক্ষে এমন লড়াই করে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিতে পারে। এই পারফরম্যান্স দেশের মর্যাদা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে পরাজয়ের কষ্টও লুকাননি কোচ। তিনি জানান, ড্রেসিং রুমে বিষাদের ছাপ ছিল স্পষ্ট। জয়ের খুব কাছাকাছি গিয়েও বিদায় নিতে হওয়ায় খেলোয়াড়রা আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে এই অভিজ্ঞতাই দলকে আরও পরিণত করবে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে বলে বিশ্বাস তার।
বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে বিদায় নিলেও তারা রেখে গেছে শক্তিশালী বার্তা।