খেলা

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি এবার আর্জেন্টিনা-মিশর ম্যাচে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি এবার আর্জেন্টিনা-মিশর ম্যাচে
ছবি: সংগৃহীত

আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি রেফারি ফ্রাসোঁয়া লেটেক্সিয়ের। আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এবারই প্রথমবার দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচে রেফারি ছিলেন লেটেক্সিয়ের। আইভরি কোস্ট ও ইকুয়েডর এবং সৌদি আরব ও কেপ ভার্দে ম্যাচে তিনি চারটি করে হলুদ কার্ড দেখান।

ইউরোপীয় ফুটবলে সম্ভাবনাময় রেফারি হিসেবে পরিচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে ২৮ বছর বয়সে ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানে রেফারিং শুরু করেন। দেশের সর্বোচ্চ স্তরে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে তার অভিষেক ঘটে।

এর এক বছর পর তিনি ফিফার স্বীকৃতি পান এবং আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করেন। বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যাত্রা শুরু হয়। এরপর ২০২১ সালে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, ২০২৩ সালে উয়েফা সুপার কাপসহ ইউরো ২০২৪ ও অলিম্পিক গেমসের মতো বড় আসরেও ম্যাচ পরিচালনা করেন তিনি।

এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো ম্যাচে দায়িত্ব পালন না করলেও বর্তমান দলের কয়েকজন খেলোয়াড় তার অধীনে খেলেছেন। এর মধ্যে একজন লাল কার্ডও দেখেছেন। গত ২২ মার্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচে অলিম্পিক লিওঁর তারকা নিকোলাস তাগলিয়াফিকোকে লাল কার্ড দেখান ৩৬ বছর বয়সী এই রেফারি।