খেলা
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা
স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে দলের কোচ রবার্তো মার্টিনেজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই ম্যাচে নিজের শেষ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি মাঠ ছাড়েন অশ্রুসিক্ত চোখে।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দ্বিতীয়ার্ধে স্পেনের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় পর্তুগাল। শেষ পর্যন্ত মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ জানান, সোমবার তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তিনি বলেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্বে থাকার কোনো অর্থ দেখছেন না।
মার্টিনেজ বলেন, জাতীয় দলের হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। পর্তুগালে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত এবং দেশটির মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও উল্লেখ করেন। এখন নতুন কোচ নির্বাচনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই কোচ। তার মতে, রক্ষণ ও আক্রমণে দল ভালো লড়াই করেছে, তবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
তিনি বলেন, ম্যাচে ছোট ছোট ঘটনাই বড় প্রভাব ফেলেছে—যেমন বল পোস্টে লেগে ফিরে আসা কিংবা শেষ মুহূর্তের সুযোগগুলো কাজে লাগাতে না পারা।
এদিকে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করে মার্টিনেজ বলেন, তিনি একজন আদর্শ নেতা। শুধু গোল নয়, অ্যাসিস্ট এবং দলের জন্য তার অবদানও অনন্য। অনুশীলন ও প্রস্তুতিতে তার নিবেদন তরুণদের জন্য অনুকরণীয় বলেও উল্লেখ করেন তিনি।