খেলা

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা নিচ্ছে আর্জেন্টিনা, যা বললেন কোচ স্কালোনি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা নিচ্ছে আর্জেন্টিনা, যা বললেন কোচ স্কালোনি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়কে বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, নরওয়ের বিপক্ষে একের পর এক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করাই ব্রাজিলের হারের প্রধান কারণগুলোর একটি। মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে একাধিক নিশ্চিত সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। বিশেষ করে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা। স্কালোনির বিশ্বাস, ম্যাচের শুরুতেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফল ভিন্ন হতে পারত।

তিনি বলেন, ‘ব্রাজিলের ম্যাচটি আমি দেখেছি। নরওয়ে খুবই শক্তিশালী দল। ম্যাচের শুরুতে স্কোর যখন শূন্য-শূন্য ছিল, তখন যদি এনদ্রিক গোলটি করতে পারত, তাহলে আজ আলোচনা ভিন্ন হতে পারত। ব্রাজিল কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে। আমাদের জন্যও এটি একটি শিক্ষা, কারণ আমরাও শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছি।’

শেষ ষোলোতে প্রতিপক্ষ মিসরকে নিয়েও যথেষ্ট সতর্ক আর্জেন্টিনা কোচ। তবে ম্যাচের শুরুর একাদশ নিয়ে কোনো তথ্য দিতে চাননি তিনি।

স্কালোনি বলেন, ‘আমি একাদশ ঠিক করেছি। কিন্তু এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে শুনেছি, সাংবাদিকরা সম্ভাব্য একাদশ প্রায় ঠিকই অনুমান করেছেন। মোটামুটি সেটাই।’

এদিকে অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও জানান তিনি। ৩৯ বছর বয়সেও আগের ম্যাচে ১২০ মিনিট খেললেও মেসি পুরোপুরি ফিট আছেন বলে জানান স্কালোনি।

তার ভাষায়, ‘মেসি সম্পূর্ণ সুস্থ আছে। ৩৯ বছর বয়সেও পুরো ম্যাচ খেলেছে, অথচ ক্লান্তির কোনো অভিযোগ করেনি।’

মিসরের প্রশংসা করে তিনি বলেন, ‘মিসর একটি দারুণ দল। তাদের খেলার ধরন খুব গোছানো। শক্ত রক্ষণ গড়ে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে। আমাদের বিপক্ষেও তারা সেটাই করার চেষ্টা করবে। তারা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আর সালাহ বিশ্বমানের একজন ফুটবলার। তার বিপক্ষে খেলাটা সব সময়ই রোমাঞ্চকর।’