খেলা
আর্জেন্টিনাকে ভয় পাই না, ওদের মেসি থাকলে আমাদের সালাহ আছে: মিশরের হেড কোচ
প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে মিশর। এবার আর্জেন্টিনাকে হারিয়ে স্বপ্নযাত্রা আরও এগিয়ে নিতে চায় আফ্রিকার দলটি। আটালান্টা স্টেডিয়ামে আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে ঘিরে দারুণ উদ্দীপ্ত মিশর শিবির। কেপ ভার্দের বিপক্ষে কঠিন জয় পাওয়ার পর আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে দলটির বড় ভরসা এখনো লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম।
গ্রুপপর্বে আর্জেন্টিনার ডিফেন্স তেমন চাপে না পড়লেও দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে খেলায় কিছু দুর্বলতা ধরা পড়ে। রক্ষণে মনোযোগ ধরে রাখা এবং মাঝমাঠের ছন্দ ফেরানো এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ। আক্রমণে এখনো মূল নির্ভরতা মেসিকেই ঘিরে।
মিশরের প্রধান কোচ হোসাম হাসান বলেন, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু ভয় পাই না। ওদের দলে মেসি আছে, আমাদের দলে আছে মোহাম্মদ সালাহ। ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
অন্যদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, বিশ্বকাপ দিন দিন কঠিন হয়ে উঠছে। কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবারের আসরে নির্দিষ্ট কোনো ফেভারিটও নেই। গত ম্যাচের ভুল শুধরে কোয়ার্টার ফাইনালে ওঠাই আমাদের লক্ষ্য।