খেলা
রেফারি চাননি আমরা জিতি, ম্যাচ আগেই ঠিক করা ছিল: মিশরীয় স্ট্রাইকারের দাবি
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে নাটকীয় হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন মিশরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তার দাবি, ম্যাচের শুরু থেকেই রেফারির সিদ্ধান্ত ছিল মিশরের বিপক্ষে এবং পুরো ম্যাচে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেননি।
ম্যাচ শেষে জিকো বলেন, রেফারির একাধিক সিদ্ধান্ত তাদের ক্ষতির কারণ হয়েছে। তার মতে, শুরু থেকেই মনে হয়েছে রেফারি মিশরকে জিততে দিতে চাননি এবং মাঠে তার আচরণ ছিল পক্ষপাতমূলক।
সমর্থকদের উদ্দেশে জিকো বলেন, তারা দেশের মানুষকে আনন্দ উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। এজন্য দুঃখ প্রকাশ করে তিনি দাবি করেন, দলের ভুলের চেয়ে রেফারির সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বেশি প্রভাব ফেলেছে। এমনকি তার মনে হয়েছে, ম্যাচের ফল যেন আগেই নির্ধারণ করা ছিল। দুই গোলে এগিয়ে থাকার পরও বারবার তাদের বিপক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ম্যাচে জিকো দুটি গোল করলেও শেষ পর্যন্ত একটি গোল স্বীকৃতি পায়। দ্বিতীয়ার্ধের শুরুতে তার করা একটি গোল চিত্রসহকারী রেফারির পর্যবেক্ষণের পর আক্রমণের সূচনায় ফাউলের অভিযোগে বাতিল করা হয়। পরে সতীর্থ হাসানের পাস থেকে আবারও গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি মিশর। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা টানা তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।
জিকো আরও বলেন, তারা কখনোই মনে করেননি যে ম্যাচ শেষ হয়ে গেছে। কারণ প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং শিরোপার অন্যতম দাবিদার। তবে আর্জেন্টিনা যদি শুধুই নিজেদের নৈপুণ্যের জোরে জয় পেত, তাহলে তাদের অনুভূতি ভিন্ন হতো বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচের ৮০তম মিনিটে জিকো মাঠ ছাড়ার পরই খেলার মোড় ঘুরে যায়। তার বদলির পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর যোগ করা সময়ে জয়সূচক গোল করে নাটকীয় জয় নিশ্চিত করে দলটি।